ডিমলায় টাকা ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৭
নীলফামারীর ডিমলায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুইজন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শয়তানের বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডোমার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং গোমনাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন ও তার সহযোগী ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের গোসাই মামুদের পুত্র রুহুল আমিন। সুজন ডিমলা হাসপাতালের ফার্মাসিস্ট আব্দুর রউফের পুত্র। পিতার চাকরির সুবাদে ডিমলায় অবস্থান করে তিনি ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় ২টি ও ডোমার থানায় ৩টি ছিনতাই ও ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।
মামলার সূত্র মতে, ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মুশাউল করিম সুইটের বলিপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাটে মুদি ব্যবসা রয়েছে। গত বুধবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ডাঙ্গার হাটের পাঁচশ গজ দূরে ছাত্রলীগ নেতা সুজন, রুহুল ও অপরিচিত একজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার তিন জনকে আসামি করে ডিমলা থানায় মামলা করা হয়।