মির্জাপুরে জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন
মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৮
জেলার মির্জাপুর উপজেলায় গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এলাকার কৃতী শিক্ষার্থী ও বেশ কয়েকজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে বসেছিল নবীন-প্রবীণদের মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, সন্ত্রাস, শিক্ষার গুণগত পরিবর্তন এবং শিক্ষার মান বাড়াতে না পারলে দেশের ও সমাজের কখনো উন্নতি হবে না।
প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন বলেন, ১৯১৪ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক এম জিয়ারত আলীর অক্লান্ত শ্রম আর মেধায় বিদ্যালয়টি আজ এ পর্যন্ত এসেছে। এলাকার শিক্ষা বিস্তারে এটিই ছিল একমাত্র মাধ্যমিক শিক্ষার কেন্দ্রস্থল। টাঙ্গাইল জেলা ছাড়াও দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের শতশত ছাত্র এই বিদ্যাপীঠে পড়াশোনা করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৯৭২ ব্যাচের ছাত্র ও বর্তমান টাঙ্গাইল-৭ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী, প্রাক্তন ছাত্র তৌফিকুর রহমান তালুকদার রাজিব ও প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল হক খান প্রমুখ। সংসদ সদস্য মো. একাব্বর বলেন, এরকম একটি অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত মনে করছি।