বগুড়ার তরুণীকে মালদহে পাচার!
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৮
বগুড়ার কাহালু থেকে এক তরুণীকে ভারতে পাচার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীর নাম শিল্পী (৩০)। সে এখন ভারতের মালদহে বন্দী জীবন কাটাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার ভগ্নিপতি ছোলাইমানকে (৫০) গত বুধবার গ্রামবাসী আটক করে কাহালু থানায় সোপর্দ করেছে।
পুলিশ জানায়, শিল্পীর বাড়ি কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় নয়াপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত আজিজার রহমান। ভগ্নিপতি ছোলাইমান বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের অক্টোবর মাসে শিল্পীকে বাড়ি থেকে বের করে ভারতের মালদহে এক শিখ যুবকের কাছে বিক্রি করে দেন। গত মঙ্গলবার রাতে শিল্পী তার প্রতিবেশী ছফির উদ্দিনের মোবাইলে ভারত থেকে ফোন করলে বিষয়টি প্রকাশ হয়। তাকে সেখানে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে শিল্পী জানান। তিনি এ অবস্থা থেকে মুক্তি চেয়েছেন। ছফির বিষয়টি গ্রামবাসীকে জানালে তারা বিক্ষুব্ধ হয়ে ছোলাইমানকে আটক এবং তার কাছ থেকে ভারতীয় ওই যুবকের সাথে তোলা শিল্পীর ২টি ছবি উদ্ধার করে। পরে তাকে কাহালু থানায় সোপর্দ করে।
এদিকে ছোলাইমান গ্রামবাসীর নিকট শিল্পীকে পাচার করার কথা স্বীকার করেছেন। শিল্পীর মা রেনু বেওয়া তার কন্যাকে ফিরে পাবার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় কাহালু থানায় একটি মামলা হয়েছে।