টাঙ্গাইল-৮ আসনে ভোট আজ
বাসাইল ও সখীপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২৩:৩৮
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আজ শনিবার উপ-নির্বাচন। প্রশাসন নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এই উপ-নির্বাচনে ভোট কারচুপির আশংকা করছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ সাত হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৭৬ জন এবং মহিলা ভোটার এক লাখ ৬১ হাজার ৮০৬ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি। এর মধ্যে ১০২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় এক হাজার সদস্য নিয়োজিত থাকবেন।
উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টি-জেপি’র অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)।
ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররাও। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সহিংসতার কোন আশঙ্কা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।