চট্টগ্রাম মেডিক্যাল কলেজে বিতর্ক উত্সব শুরু
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২৩:৩৮
প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘এসকেইফ ৩য় এনডিএফ বিডি-সিএমসি ডিসি জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব-২০১৪’। গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিতর্ক উত্সবে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ১৪টি দল অংশগ্রহণ করেছে। এতে জাতীয় দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি দৈনিক, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। মুসবাহ আহমেদ মাহদী ও জিহান নূরের সঞ্চালনায় মেডিক্যাল শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে বিতর্ক উত্সব প্রাণবন্ত হয়ে উঠে। এতে বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী তার মেধা ও মননের সুষ্ঠু বিকাশে সক্ষম হয়। বিতর্ক আবেগের মায়াজাল থেকে বের করে যুক্তিশীল ও পরমত সহিষ্ণু হতে শেখায়। শুদ্ধতা ও শাণিত সৌন্দর্য্যের মেলবন্ধনে নির্মিত বস্তু হচ্ছে বিতর্ক। মেডিক্যাল শিক্ষার্থীদের মধ্যে বির্তকের এই ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান। আরো বক্তব্য রাখেন ৭১’ টিভির বার্তা সম্পাদক সৈয়দ ইজতিয়াক রেজা, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, এন্ডডিএফ চেয়ারম্যান একেএম শোয়েব, বিতর্ক উত্সবের কো-চেয়ারম্যান শরীফুল আনোয়ার, সালমান মাহমুদ সিদ্দিকী রাফসান, এসকেইফ’র ম্যানেজার ডা. মো. মুরাদ হোসাইন, চমেক ডিবেটিং ক্লাব সভাপতি সাইফুল আমিন, ছাত্রনেতা মাহিজুর রহমান, বিজয় সরকার প্রমুখ। পরে সন্ধ্যায় অনুষ্ঠানস্থল শাহ বীরউত্তম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।