স্যামি-গেইলে উইন্ডিজের জয়

ক্রিস গেইলের দুর্দান্ত এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সাফল্যের সাথে যে রান তাড়া শুরু করেছিল শেষ দুই ওভারে ড্যারেন স্যামির ঝড়ে সেটাই পরিপূর্নতা পেল। নাটকীয় এক ম্যাচের শেষ ওভারে স্যামির দুই ছয়ে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভালভাবেই টিকে রইলো টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচ হেরে অস্ট্রেলিয়া শিবিরে এখন শেষ চারের আগেই বিদায় নেয়ার শঙ্কা। জেমস ফকনার আর ব্র্যাড হজের ব্যাটিং নৈপূন্যে ক্যারিবীয়দের সামনে ১৭৯ রানের জয়ের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়া অস্ট্রেলিয়া ম্যাচের একটা সময় পর্যন্ত এগিয়েই ছিল। শেষ দুই ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ৩১। তবে মিচেল স্টার্কের করা ১৯তম ওভারে ১৯ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নাটকীয়ভাবে ম্যাচে ফিরিয়ে আনেন স্যামি। উত্তেজনার শেষ নয় সেখানেই! ওয়েস্ট ইন্ডিজের জিততে প্রয়োজন ১২ রান, এমন সমীকরণ নিয়ে শেষ ওভারে বোলিংয়ে আসা জেমস ফকনারের প্রথম দু’টি বল থেকে কোন রানই নিতে পারলেন না স্যামি। তবে তৃতীয় বলটাকে উড়িয়ে মারলেন মিড উইকেটের উপর দিয়ে। এরপর চতুর্থ বলটিও হাকালেন সজোরে। বল যখন উড়ে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের ওপাশে পড়লো তার আগেই শুরু হয়ে গেছে স্যামির উল্লাস নৃত্য। খানিক বাদেই তার সাথে যোগ দিলেন ৩৫ বলে ৫৩ রানের এক ইনিংসে ক্যারিবীয়দের ইতিহাসে সফলতম রান তাড়ার ভিত্তি গড়ে দেয়া গেইলও। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই জয়ে সেমির আশা ভালভাবেই টিকিয়ে রাখলো স্যামির দল। অন্যদিকে, পাকিস্তানের পর এখন ক্যারিবীয়দের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টিতে প্রথম শিরোপা জয়ের আশা আরো ধূসর হয়ে গেল অজিদের।