সাগরে ট্রলারসহ আটক ১৫ ভারতীয় জেলে
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২৩:৪২
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ১৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত টহল দেওয়ার সময় মংলা নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু মাছ ও জাল উদ্ধার করা হয়েছে। আটক জেলেদের শুক্রবার ভোরে মংলা নৌঘাটিতে আনার পর বিকালে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ চুরির অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে আটক ওই ভারতীয় জেলেরা বলছেন, তারা সমুদ্রের সীমা রেখা বুঝতে না পেরে ভুল করে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করেছিল। এর আগে গত ডিসেম্বর মাসে দুই দফায় নৌ-বাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমা থেকে পাঁচটি ট্রলারসহ ৭৩ জন ভারতীয় জেলেকে আটক করে।