লেবুখালী ফেরিঘাটে যাত্রী স্টাফ সংঘর্ষে বাসের হেলপার নিহত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২৩:৪২
বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরিঘাটে গতকাল শুক্রবার ফেরিতে আগে উঠাকে কেন্দ্র করে যাত্রী ও বাস স্টাফদের সংঘর্ষে হেলপার নিহতসহ ২০ জন আহত হয়। নিহত জসিম (৩৫) সাকুরা পরিবহনের হেলপার। তিনি উজিরপুর উপজেলার বোহরকাঠী গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এন.কে ট্রাভেলসের পিকনিকের বাস ও সাকুরা পরিবহন বাসের ৩৩ জন যাত্রীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাকেরগঞ্জ থানার এসআই গাজী নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে সাকুরা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অপরদিকে যশোর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল এন.কে ট্রাভেলসের একটি পিকনিকের বাস। পথে লেবুখালী ফেরিতে আগে উঠা নিয়ে পিকনিক বাসের যাত্রী ও সাকুরা পরিবহনের স্টাফদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় সাকুরা পরিবহনের হেলপার মো. জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সংঘর্ষে গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।