তৌকীরের নির্দেশনায় বিপাশা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ১৯:৩১
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘একটি ফুলের গল্প’।
স্বপ্না রেজা রচিত, অভিনেতা তৌকীর আহমেদ নির্দেশিত নাটক এটি। আর এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়ত। প্রচার হবে আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে। নাটকটিতে অভিনয় করেছেন—বিপাশা হায়াত, আজিজুল হাকিম, হূদিকা এবং আরও অনেকে। এ নাটকে একজন অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত। অটিস্টিক শিশুর চরিত্রে অভিনয় করেছে হূদিকা। বিশেষ জনগোষ্ঠীর প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে নাটকটি নির্মিত। বিশেষ করে একজন অটিস্টিক
শিশু ও তার মায়ের সামাজিক অবস্থান, অব্যাহত জীবনযুদ্ধ নাটকে প্রাধান্য পেয়েছে। ‘একটি ফুলের গল্প’ নিবেদন করেছেন প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সক্রিয় তিনজন, রাবেয়া সুলতানা, ফরিদা ইয়াসমিন ও স্বপ্না রেজা।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘নিঃসন্দেহে এই কাজটি আমার শুধু আরেকটি নাটকের সংখ্যা বাড়ানোর জন্য করা নয়। সবমিলিয়ে এটা নিজের একটা নৈতিক দায়িত্বের ভেতরেও পড়ে। সে কারণেই করেছি। বিপাশা বরাবরই ক্যামেরার সামনে অনবদ্য। এখানেও তাই। নাটকটি সবার দেখা উচিত—এটুকুই বলব।’