জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল ক্লাব সদস্যদের শিশু সন্তানদের সমবেত সংগীত, নৃত্য পরিবেশনা, বৃন্দ আবৃত্তি, গণসংগীত ও জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধন করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘গণতন্ত্রে বহু মত বহু পথ থাকবেই। কিন্তু সব মত-পথকে জাতীয় ঐকমত্যে নিয়ে আসাই হলো স্বাধীনতার মূলমন্ত্র। আসুন আজকে সবাই স্বাধীনতা দিবসে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথ নেই। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের দিনে আমরা স্মরণ করি জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ শহীদ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের।’ এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটি সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম। ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য অনুষ্ঠান উপভোগ করেন।