বানিয়াচংয়ে লড়াই হবে আ’লীগ ও বিএনপি’র বহিষ্কৃত প্রার্থীর মধ্যে
বানিয়চং (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২১:৩২
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে ভোটের ব্যবধান কমে আসতে শুরু করেছে। ভোটারদের মতে, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার ও বিএনপি’র বহিষ্কৃত প্রার্থী নুরুল আমিন চৌধুরীর মধ্যে জয়-পরাজয় সীমাবদ্ধ থাকবে।
আগামীকাল সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে দৃষ্টি এখন বানিয়াচংয়ের দিকে। তবে নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণায় বিএনপি সফল হলেও এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের চার প্রার্থী হচ্ছেন দলের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার (হেলিকপ্টার), বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খান (কাপ-পিরিচ), আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল) ও হুমায়ূন কবির রেজা (আনারস)। বিএনপি’র ঘোষিত প্রার্থী শেখ বশির আহমদ (ঘোড়া) ও বহিষ্কৃত প্রার্থী নুরুল আমিন চৌধুরী (দোয়াত-কলম) নিয়ে লড়ছেন। এদিকে অ্যাডভোকেট ছাদিকুর মিয়া তালুকদার (চিংড়ি) স্বতন্ত্র প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র একক প্রার্থী দলের সেক্রেটারি ফরহাদ হোসেন বকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের সভানেত্রী তানিয়া খানম। আওয়ামী লীগ ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। জামায়াত ইসলাম দলের ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হচ্ছেন ইকবাল বাহার খান।