কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় সৌর পাম্প প্রকল্প বন্ধ

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। দীর্ঘদিন দৌড়-ঝাঁপের পর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া খামারের মাঠে কয়েকশ’ কৃষকের স্বপ্ন পূরণে বেসরকারি উদ্যোগে সৌর পাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। ৪০ লাখ টাকা ব্যয়ে রহিম আফরোজ কোম্পানী ১০ হর্সের এই সৌর পাম্প স্থাপনের কাজ করছে। সৌর পাম্পের নির্মাণ কাজ শেষ হলে অত্র মাঠের ১২০ বিঘা জমি বিদ্যুত্ ব্যবহার ছাড়াই সেচ সুবিধার আওতায় আসবে। গত ২১ মার্চ রাতে পাম্পের নির্মাণ কাজ চলার সময় অজ্ঞাত একদল সশস্ত্র সন্ত্রাসী পাম্পের নির্মাণ শ্রমিকদের বেধড়ক মারপিট করে মোটা অংকের চাঁদা দাবি করে। তারপর থেকেই নিরাপত্তাহীনতায় কাজ বন্ধ রয়েছে। ঘটনাটি ইতিমধ্যেই জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে মৌখিকভাবে জানিয়েছে ভুক্তভোগী চাষিরা।