ধামইরহাটে অসময়ে ঘন কুয়াশা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৭
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর ধামইরহাটে অসময়ে ঘন কুয়াশা দেখা দেয়ায় ক্ষেত খামারের উপর বিরূপ প্রভাব পড়ছে। এতে আম, সজিনাসহ বিভিন্ন ধরনের গাছের ক্ষতিসাধিত হচ্ছে। দীর্ঘ খরা আর গরমের মাঝে গত ২ দিন ধরে শেষ রাত ও ভোর সকাল ৮টা অবধি ঘন কুয়াশার ঢেকে থাকছে আকাশ। এই অসময়ে এ ধরনের আবহাওয়ার কারণে ক্ষেত খামারের ফসলের উপর বিরূপ প্রভাব পড়ছে। ধান ক্ষেতে পোকার আক্রমণ, বাঁধা কপি, টমেটো, মরিচ, বেগুন ও পটলসহ অন্য ফসলাদির উপর খারাপ প্রতিক্রিয়া পড়ছে। তবে এ উপজেলায় বর্তমান সময়ে বোরো ধান ক্ষেতসহ অন্য ফসলাদি ভাল অবস্থা বিরাজ করছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে।