আইরিশদের হারালো দক্ষিণ আফ্রিকার মেয়েরা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২১:৫৭
আগের দুই ম্যাচে একটি করে জয় ও হারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় থাকা দক্ষিণ আফ্রিকার মেয়েরা গতকাল শনিবার আয়ারল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো। অপরদিকে তিন ম্যাচের সবকটিতেই পরাজিত হলো আয়ারল্যান্ড।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম খেলা টসে জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে প্রোটিয়া বোলারদের তোপের মুখে ১৫.১ ওভারে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ডানহাতি পেসার শাবনিম ইসমাইল পাঁচ রানে এবং লেগব্রেক বোলার ডেন ভ্যান নিয়েকার্ক ১০ রানে নেন তিনটি করে উইকেট।
দক্ষিণ আফ্রিকানরা অবশ্য ব্যাট হাতে ভাল শুরু পায়নি। পাওয়ার প্লে¬তে তারা এক উইকেট হারিয়ে ৩০ রান তুলেছিল। সে তুলনায় শেষের তিন ওভারে তাদের ব্যাট থেকে এসেছে ৬৩ রান। এর মধ্যে ১৮তম ওভারে এসেছে সর্বোচ্চ ২৬ রান। পরের দুই ওভারে ২১ ও ১৬। ফলে চার উইকেটে ১০২ রান থেকে শেষ তিন ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৬৫।
প্রোটিয়া ব্যাটসম্যান ট্রাইয়ন মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১২ বলে তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মারে ৩৫ রানে অপরাজিত ছিলেন। তাই ম্যাচ সেরার পুরস্কারটাই গেছে তার দখলে। তাকে যোগ্য সঙ্গ দেন সুনে লুস। ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ১০ বলে তিনি সংগ্রহ করেছেন ২৯ রান। এর মধ্যে ছিল ছয়টি বাউন্ডারি।
উদ্বোধনী জুটিতে অবশ্য লিজেল লি এবং ডেন ভ্যান নিয়েকার্ক মিলে ৫৭ রানের জুটি গড়েছিলেন। লি ৪০ বলে পাঁচ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সহায়তায় ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন। আর নিয়েকার্ক করেছেন ৩৫ বলে ২৫ রান। এর মধ্যে ছিল দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।
আয়ারল্যান্ডের উইকেটরক্ষক মেরি ওয়ারড্রন খেলা শেষে বলেন, এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে সবকিছুই সম্ভব। ১৭ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকানদের আটকে রাখলেও শেষ তিন ওভারে তারা আমাদের ওপর চড়াও হয়ে খেলে অনেক রান তুলে নেয়। ১২০/১৩০ রানে তাদের আটকে ফেলতে পারলে তা তাড়া করা হয়ত সম্ভব ছিল। কিন্তু বড় স্কোর তাড়া করতে গিয়ে প্রথম থেকেই চার্জ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিতে হয়েছে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মিগনন ড্রু প্রিজ বলেছেন, টুর্নামেন্টে টিকে থাকতে বড় জয় দরকার ছিল। যেভাবে ব্যাটিংয়ের পরে বোলাররা নিজেদের প্রমাণ করেছে তাতে পরের ম্যাচে আত্মবিশ্বাস বাড়বে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিকে সবাই তাকিয়ে আছি। সেই ম্যাচটির ফলাফলের ওপর সেমিফাইনালের পথ নির্ভর করছে।