সাংবাদিক আবাসিক এলাকার উন্নয়ন চাই
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:০২
রাজধানী ঢাকায় একমাত্র সাংবাদিক আবাসিক এলাকা মিরপুরের পল্লবী ব্লক— এফ সেকশন ১১-তে অবস্থিত ব্যাংকের ঋণ নিয়ে গড়ে ওঠা আবাসন প্রকল্প বহুদিন থেকে কর্তৃপক্ষীয় অবহেলার শিকার। বিগত তত্ত্বাবধায়ক সরকারের পর থেকে আজ পর্যন্ত এলাকার ভেতরের সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ সিটি কর্পোরেশন থেকে না নেওয়ায় খানা-খন্দকের সৃষ্টি হচ্ছে। অধিকাংশ রাস্তারই পিচ উঠে গেছে। আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বড় ড্রেনটি দীর্ঘদিন পর্যন্ত পরিষ্কার না করায় এটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ময়লা নোংরা পানিতে এলাকা সয়লাভ হয়ে যায়; পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। ড্রেনটি পরিষ্কার করা নিয়ে সিটি কর্পোরেশনের অঞ্চল ৪সহ সংশ্লিষ্টদের কাছে বার বার আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি। অথচ মিরপুর পল্লবীর প্রায় সড়কের সংস্কার হয়েছে।
এলাকার বাসিন্দা হিসেবে আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করছি। সিটি কর্পোরেশনের উদাসীনতায় এলাকাটি বাসযোগ্যতা হারালে ভাড়াটিয়া চলে গেলে ব্যাংকঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এই বাস্তবতায় এলাকার সড়কগুলো ও ৪ নম্বর রোডের ড্রেনসহ অন্যান্য ড্রেনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা সাংবাদিক আবাসিক এলাকাটির প্রতি ইতিবাচক দৃষ্টি দেবেন বলে আশা করি।
আবদুল আউয়াল,
সাংবাদিক আবাসিক এলাকা,
ব্লক-এফ সেকশন-১১,
মিরপুর, পল্লবী, ঢাকা