বেলাবতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪
বেলাব (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৩৩
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হন । শনিবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডের অদূরে গকুলনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ভৈরব থেকে সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিকশা বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড যাওয়ার পথে নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গকুলনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও প্রাইভেটকারে থাকা এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো ৪ জন। আহতদের ভৈরব ও নরসিংদীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে অটোরিকশার দুই যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রায়পুরা উপজেলার মেঘনাবাদ গ্রামের সগীর মিয়া (২৫) ও কবিতা বেগম (৩৫)। তবে নিহত প্রাইভেটকার যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে।
মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতা নিহত
বরিশাল অফিস জানায়, মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন কবিরাজ (৫৫) গতকাল শনিবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রমিজ উদ্দিন উপজেলার চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার রাতে পাতারহাট থেকে উলানিয়া যাবার সময় ভান্ডারিয়াঘাট নামকস্থানে টেম্পো উল্টে রমিজ গুরুতর আহত হন। রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
সাভারে শিশু নিহত
স্টাফ রিপোর্টার জানান, সাভারে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাবেয়া (৮) মোঃ আবদুল্লাহর মেয়ে । সাভার মডেল থানায় মামলা হয়েছে।