রাজাপুরে হাত-পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় থেকে হাত-পা ভাঙা অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। মৃত্যুর আগে অস্পষ্টভাবে শুধু তার নাম জাহাঙ্গীর বলে জানিয়ে গেলেও তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে রাজাপুর সদরের বাইপাস এলাকায় কে বা কারা আনুমানিক ৬০ বছরের ঐ বৃদ্ধকে আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার সাথে সুগন্ধা পরিবহনের টিকিট ছাড়া আর কোন কাগজপত্র পাওয়া যায়নি। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, তার দুই হাত ও পায়ে অধিক যখম এবং তিনি অনেকটা অচেতন ছিলেন। রাজাপুর থানায় অপমৃত্যু মামলা এবং লাশ ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। আজকের মধ্যে লাশের সঠিক পরিচয় না পাওয়া গেলে লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।