নৌপথে নব দিগন্তের সূচনা করলো ‘বাঙালি’

ঢাকা-বরিশাল নৌ-পথে যাত্রী পারাপারে নব দিগন্তের সূচনা করেছে ‘বাঙ্গালি’। দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘবে বিশেষ ভূমিকা পালন করবে এই জাহাজ। এটি নির্মাণে সময় লেগেছে ১৫ মাস। বাঙ্গালি কমপক্ষে সাড়ে ৭ শত যাত্রী পরিবহনে সক্ষম। এর মালামাল পরিবহন ক্ষমতা দুইশ’ টন এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৬ কোটি ৮০ লাখ টাকা। দীর্ঘ ৭৫ বছর পর ঢাকা-বরিশাল ভায়া চাঁদপুর নৌপথে গতকাল শনিবার থেকে চালু হয়েছে নতুন যাত্রীবাহী জাহাজ ‘এমভি বাঙ্গালি’। এছাড়া ‘এমভি মধুমতি’ নামে নির্মাণাধীন আরো একটি আগামী জুন মাস থেকে ঢাকা-বরিশাল নৌপথে চলাচল শুরু করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঢাকার সদরঘাটে শনিবার সকাল ৯টায় ‘এমভি বাঙ্গালি’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মজিবুর রহমান ইত্তেফাককে বলেন, দেশীয় অর্থায়নে জাহাজ দুটির নির্মাণ ব্যয় ৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ইত্তেফাককে বলেন, এই জাহাজ নৌ-ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ বাড়াবে। ব্রিটিশ আমলের পর এই প্রথম বিআইডব্লিউটিসির মাধ্যমে ব্রিটিশ মডেলে জাহাজ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এ ধরনের জাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। বাঙ্গালির দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার। প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। গতিবেগ ঘন্টায় ২০ নটিক্যাল মাইল। যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে- সুলভ ঢাকা-বরিশাল ১৭০ টাকা, চাঁদপুর ১শ’ টাকা। এতে ৪টি সিঙ্গেল কেবিন, ৩৪টি ডাবল কেবিন ও একটি ভিআইপি কেবিন রয়েছে।