টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ২২৩৬ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৫৬৫ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৩২৯ ভোট। গোলযোগের কারণে সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শুকুর মাহমুদ বলেন, একদল দুর্বৃত্ত এসে তাকে জিম্মি করে প্রায় ১২শ ব্যালট পেপারে সিল মারে। স্থানীয় জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী দশ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ৭ জন আহত হয়। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৭০১ জন।