ইউক্রেনে সামরিক হামলা না চালানোর ‘সংকল্প’ রাশিয়ার
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫২
ইউক্রেনে সামরিক অভিযান না চালানোর ‘সংকল্প’ করেছে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেন সীমান্ত অতিক্রম করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশদান এবং এ সংকট নিয়ে মস্কো ও পশ্চিমা দেশের মধ্যে বিভক্তি আরো ঘনীভূত করার রাশিয়ার আদৌ কোনো অভিপ্রায় নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল শনিবার এ কথা বলেন।
রাশিয়ার সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে লাভরভ বলেন, ‘ইউক্রেন সীমান্ত অতিক্রম করার কোনো অভিপ্রায় ও আগ্রহ আমাদের নেই।’ তিনি আরো বলেন, ‘আমরা (রাশিয়া ও পশ্চিমা দেশ) আমাদের অবস্থান ঘনিষ্ঠ করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন, ‘সামপ্রতিক যোগাযোগের রূপরেখা আমাদের ইউক্রেনের সহকর্মীদের জানানো হবে।’ অপরদিকে, পুতিনও ইউক্রেনের ব্যাপারে জাতিসংঘকে বলেছেন, ‘ মস্কোর আর কোন সামরিক পদক্ষেপের ইচ্ছা নেই।’ অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন, পুতিন তাকে আশ্বস্ত করেছেন যে, এ অঞ্চলে রাশিয়ার আর কোন সামরিক পদক্ষেপের পরিকল্পনা নেই।
পুতিন-ওবামা ফোনালাপ: ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্টে র প্রস্তাব নিয়ে আলোচনা করতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হোয়াইট হাউস জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে একটি প্রস্তাব দেয়ার পর ওবামাকে এ টেলিফোন করেন পুতিন ।
হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারে রাশিয়াকে সুনির্দিষ্ট একটি লিখিত প্রস্তাব দেয়ার পরামর্শ দিয়েছেন।’ ‘পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা’ করতে কেরি ও লাভরভ মিলিত হবেন এমন বিষয়ে ওবামা ও পুতিন সম্মত হয়েছেন।’ ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সাথে আলোচনার ক্ষেত্রে মার্কিন প্রস্তাবের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ওবামা কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা চালাতে তার সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, ওবামা স্পষ্ট ভাষায় বলেন, রাশিয়া তাদের সৈন্য ফিরিয়ে নিলে এবং তারা আর ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব লংঘন না করলেই কেবলমাত্র এটা সম্ভব।