মুম্বাইয়ে তিন প্রার্থীকে নিয়ে কৌতূহল
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি থেকে
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৩
মুম্বাই থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া তিন প্রার্থী বেশ কৌতুহলের জন্ম দিয়েছেন। এরা হচ্ছেন আইটেম গার্ল রাখি সাওয়ান্ত, ভারতের ‘দেশী স্পাইডারম্যান’ বলে পরিচিতি গৌরব শর্মা এবং ‘টারজান’ চরিত্রে অভিনয় করা হেমন্ত বিরজে। এরা হয়তো জিতবেন না, কিন্তু নির্বাচনী আমেজে কিছুটা রং চড়াতে সক্ষম হয়েছেন।
রাখি তার নিজের গঠন করা দল থেকে লড়বেন। তিনি মুম্বাইয়ের উত্তর-পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এই আসনে কংগ্রেস প্রার্থী বর্তমান এমপি গুরুদাস কামাত এবং শিব সেনার গজানন কীর্তিকরের বিরুদ্ধ লড়তে হবে তাকে। মুম্বাইয়ে সাত আসনের মধ্যে ২০০৯ সালে কংগ্রেস জিতেছিল ছয় আসনে। সাওয়ান্ত তার দলের নাম এখনো প্রকাশ করেননি। তবে দলের নির্বাচনী প্রতীক পছন্দ করে ফেলেছেন। এটি হলো- কাঁচালঙ্কা। রাখি দাবি করেছেন, কংগ্রেস এবং বিজেপি থেকে তাকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ দেয়া হচ্ছে।
অপরদিকে, ভারতের ‘দেশী স্পাইডারম্যান’ বলে পরিচিত গৌরব শর্মাও কৌতুহলের জন্ম দিয়েছেন। তিনি মুম্বাইয়ে লম্বা লম্বা ভবনে স্পাইডারম্যানের মতো চড়ে থাকেন। তিনি মুম্বাই দক্ষিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তাকেও লড়তে হবে কংগ্রেসের শক্ত প্রার্থী মিলিন্দ দেওরার বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণাতেও তিনি ভবনে ওঠার দৃশ্য দেখাবেন।
তৃতীয় প্রার্থী টারজান চরিত্রে অভিনয় করা হেমন্ত বিরজে অপেক্ষাকৃত কম পরিচিত জন সূর্য পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কংগ্রেস এমপি প্রিয়া দত্ত এবং বিজেপির পুনম মহাজনের বিরুদ্ধে লড়বেন। প্রিয়া দত্ত প্রখ্যাত অভিনেতা সুনীল দত্তের কন্যা।