ভারতের লোকসভা নির্বাচনের পর তিস্তা চুক্তির উদ্যোগ
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৪
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ আশাবাদী। তাদের লোকসভা নির্বাচনের পর তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি এগিয়ে নিব। দেশের উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি যে পানি সংকট দেখা দিয়েছে তা খতিয়ে দেখতে শিগগিরই ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন।
গতকাল শনিবার রাজধানীতে বাংলা একাডেমী মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘একটিভ সিটিজেনস এচিভারস সামিট-২০১৪’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। বাংলাদেশের সাম্প্রতিক পানি সংকটের বিষয়টি খতিয়ে দেখতে তারা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ-কারিগরি দল পাঠাতে সম্মত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ অনেক সমস্যা ও সম্ভাবনার দেশ। সম্ভাবনাগুলোকে কাজে লাগালে সমস্যাগুলো এমনিতেই কেটে যাবে। এজন্য বিভিন্ন খাতে তরুণদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, বাংলাদেশে উন্নয়নের অনেক সূচকেই ভালো করছে। এরপরও সংখ্যালঘুদের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য সামাজিক উদ্যোগও প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন্ডন ম্যাক শেরি। উল্লেখ্য, এ বছর একটিভ সিটিজেনস এচিভারস সম্মেলনে দেশের বিভিন্ন জেলা-থানার তরুণরা ৭৫০টি প্রকল্প জমা দিয়েছে। এর মধ্যে তিনটিকে পুরস্কৃৃত করা হবে।