সিএনজি অটোরিকশা ধর্মঘট ১-৩ এপ্রিল

একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চলাচলের মেয়াদ ১৫ বছর করার দাবিতে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঐক্য পরিষদ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স এসোসিয়েশন সদস্য সচিব এটিএম নাজমুল হাসান, বরকত উল্লাহ ভুলু, ওসমান আলী, খোরশেদ আলম প্রমুখ। সম্মেলনে এটিএম নাজমুল হাসান বলেন, পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি বুয়েট-এর সুপারিশ অনুযায়ী ১১ থেকে বাড়িয়ে ১৫ বছর সিএনজির ইকোনোমিক লাইফ ঘোষণা করতে হবে। এ বিষয়ে গড়িমসি করলে কঠোর কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করা হবে।