অনুদানের আশায় এমপির সংবর্ধনায় শিক্ষার্থীদের ভোগান্তি
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৫
উপজেলার নওয়াপাড়ায় মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপির অনুদান পাওয়ার আশায় শিক্ষার্থীদের গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে জাতীয় সংসদ সদস্য রনজিত রায়কে সংবর্ধনা দেয়ার জন্য স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের দাঁড় করিয়ে রাখে। এই ঘটনায় অভিভাবক ও ছাত্র উভয়ের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, এমপি’র কাছ থেকে অনুদান পাওয়ার আশায় মালিকানাধীন নওয়াপাড়া সোহান ক্যাডেট কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ এমপি রনজিত রায়কে সংবর্ধনা দেয়ার নামে বিকাল থেকে শিশু শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যাওয়ার সময় এমপির গাড়ি থামিয়ে শিশুদের দিয়ে ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনার চেষ্টা চালালে তিনি ক্ষুব্ধ হন। এ সময় তিনি স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়ের ওপরও চটে যান। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জানান, তিনি ম্যানেজিং কমিটির নির্দেশে এই কাজ করেছেন।