ফের দরপতন, ফের লেনদেন স্বল্পতা

শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। লেনদেনও হয়েছে তিনশ’ কোটি টাকার নিচে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২৯ পয়েন্ট কমে সাড়ে চার হাজারের নিচে নেমে এসেছে। লেনদেনও হয়েছে তিনশ’ কোটি টাকার নিচে। এনিয়ে চলতি মাসে ৬ দিন লেনদেন হলো তিনশ’ কোটি টাকার কম। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৭ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২২ লাখ ১৬ হাজার টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণ অনুসন্ধান করবে ডিএসই কর্তৃপক্ষ। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধান করবে ডিএসই পরিদর্শক দল। এ কয়েকদিনে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩০ টাকা বা ১২৪ দশমিক ৭২ শতাংশ। অর্থাত্ এসময়ে কোম্পানিটির শেয়ার দর ১৮৪.৪ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪১৪.৪ টাকায়। জানা গেছে, এ সময়ের মধ্যে শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। তবে গত ১৯ মার্চ কোম্পানিটি জানিয়েছে, ২৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে লেদ মেশিন ক্রয় করবে। লেদ মেশিন ইনস্টলেশনের পর প্রত্যাশিত উত্পাদন ক্ষমতা ৫ মেট্রিক টন বৃদ্ধি পাবে।