অগ্নিকাণ্ডে নিহত ১ বাড়িঘর ভস্মীভূত
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৫
পাবনার সুজানগরে অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মৃত্যুসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক অগ্নিকাণ্ডে গবাদি পশু, বসত বাড়ি ও স্বর্ণালংকার এবং মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সুজানগরে অগ্নিকাণ্ডে
১ গৃহবধূর মৃত্যু
পাবনার সুজানগরের মান্দিয়ার কান্দী গ্রামে গত শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে আলেয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং ৭টি ঘর, নগদ টাকা এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। জানা যায়, হালিম শেখের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হালিমের স্ত্রী ঘরে থাকা ৪৫ হাজার টাকা আনতে গিয়ে বের হতে না পারায় ঘরের মধ্যেই পুড়ে মারা যায়। এ সময় আগুনে হালিম ও তার মা খুশি খাতুনসহ আরও দুই ভাইয়ের ৪টি বসত ও ৩টি রান্না ঘর ও টাকা-পয়সা, আসবাবপত্র ও স্বর্ণালংকার পুড়ে যায়। স্থানীয় দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করে তাত্ক্ষণিকভাবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
মেলান্দহে অগ্নিকাণ্ডে গবাদিপশু ভস্মীভূত
জামালপুরের মেলান্দহে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ বসত বাড়ি পুড়ে গেছে। জানা গেছে,ভটভটি চালক খলিলুর রহমানের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নগদ লক্ষাধিক টাকা, তিনটি গরু, একটি ছাগলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
উল্লাপাড়ায় ৪টি বাড়ি পুড়ে গেছে
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে গত শনিবার বিকালে আগুনে ৪টি বাড়ির মোট ১০টি ঘর পুড়ে গেছে। এছাড়াও ২টি গরু পুড়ে মারা গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারেননি। স্থানীয় লোকজন জানান, সুলতান আলীর বাড়ির রান্না ঘরের কাঠের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন শেতল আলী, ফকির উদ্দিন ও ঠান্ডু মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুরে অগ্নিকাণ্ডে
৩ বাড়ি ভস্মীভূত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা পশ্চিমপাড়া গ্রামে গত শনিবার অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে ৩টি বাড়ির ১০টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুনে ২টি ছাগল, ধান, গম, তামাক, নগদ টাকাসহ ৩ লাখ টাকার ক্ষতি হয়।
সদরপুরে ৭টি বাড়ি ভস্মীভূত
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর ঠকুরডাঙ্গী গ্রামে গত শুনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ৭টি বসত ঘর, নগদ টাকা ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিউল ফকির, জামিলা খাতুন, খলিল খান, চান মিয়া ও শিরাজ খানের সাতটি বসত ঘর, ৩টি রান্না ঘর, ১টি গরু ঘর ও নগদ টাকা পুড়ে যায়। ৭টি পরিবারের ৩০ জন মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন করছে।
সালথায় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি
ফরিদপুরের সালথা উপজেলার গোড়দিয়া গ্রামে গত শনিবার অগ্নিকাণ্ডে ১টি টিনের বসত ঘর, ১টি রান্না ঘর, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, কৃষিপণ্যসহ ঘরে আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। জানা গেছে, আকমাল শেখের ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
দাউদকান্দিতে মাদ্রাসায় অগ্নিসংযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীচাইল মোহাম্মদপুর ইসলামিয়া আলীম মাদ্রাসায় গতকাল রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন-অর-রশিদ জানান, মাদ্রাসার পূর্বদিকের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিলে আলমীরাতে আগুন লাগে এবং গুরুত্বপূর্ণ কাগজ-পত্র পুড়ে যায়। মাদ্রসার নৈশপ্রহরী রাতের পাহারা শেষে বাড়ি চলে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। ইতিপূর্বেও এ মাদ্রাসার দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।