নাগেশ্বরীতে কেজি দরে সরকারি বই বিক্রি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৫
নাগেশ্বরী উপজেলার নায়কের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ২০ মণ বিনামূল্যে বিতরণের সরকারি বই কেজিতে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।
প্রধান শিক্ষক জাহান আলী অন্য শিক্ষকদের না জানিয়ে বিদ্যালয়ের প্রায় ২০ মণ বই বিক্রি করে। এর মধ্যে চলতি বছরের ১ম শ্রেণির ৩৭ সেট, ২য় শ্রেণির ১১, ৩য় শ্রেণির ৯, ৪র্থ শ্রেণির ২১ এবং ৫ম শ্রেণির এক সেটসহ মোট ৭৯ সেট নতুন বইও বিক্রি করে। ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪শ’ ২ জন। বছরের তিন মাস অতিবাহিত হলেও ৭৯ জন শিক্ষার্থী বর্তমান পর্যন্ত পাঠ্য বই পায়নি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক একাই বই বিক্রি করেছেন। এ সময় অন্য শিক্ষকরা উপস্থিত ছিল না। পুরাতন বইয়ের সাথে নতুন বই যেতে পারে। প্রধান শিক্ষক জাহান আলী জানান, কয়েক মণ পুরাতন বই বিক্রি করা হয়েছে। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আবুল কালাম বলেন, অভিযোগের তদন্ত করা হচ্ছে। এর সত্যতা পেলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।