তাহিরপুরে শিশু এসিড সন্ত্রাসের শিকার

সুনামগঞ্জের তাহিরপুরে দুর্বৃত্তদের দেয়া এসিডে এক শিশুর মুখ ঝলসে গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে । আহত শিশুর নাম শিহাব সারোয়ার শিপু (৯)। সে দৈনিক যুগান্তর পত্রিকার সুনামগঞ্জের জেলা প্রতিনিধি ও উপজেলার কামড়াবন্দ গ্রামের হাবিব সারোয়ার আজাদের পুত্র এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। এলাকাবাসী ও আহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে একই গ্রামের এক শিক্ষিকার বাসা থেকে প্রাইভেট পড়ে আসার সময় রাস্তায় দুর্বৃত্তরা শিশুটির মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। এসিডে শিশুটির মুখের দুই পাশ ও গলার নিচের অংশ ঝলসে যায়। এলাকার লোকজন এসে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং পরে রাতে শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান এর সত্যতা নিশ্চিত করেন।