শ্রমিক নেতা আমিনুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

অবিলম্বে শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক নেতারা। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান ও কালো পতাকা মিছিল করেন তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিজ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অবিলম্ব্বে শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকারীদের বিচারসহ শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শ্রমিক হত্যা আজ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। কারণ শ্রমিক হত্যা হলে তার কোন বিচার হয় না, হত্যাকারী শাস্তি পায় না। এই অবস্থার পরিবর্তন জরুরি। উল্লেখ্য, ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকার শ্রমিক ফেডারেশন কার্যালয় থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন আমিনুল। দুই দিন পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বক্তারা শাশা ডেনিম লিমিটেডের শ্রমিক প্রতিনিধি ও কল্যাণ কমিটির নির্বাচিত নেতা আমিনুল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন গার্মেন্টসের কয়েকশ’ শ্রমিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিজ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আকতার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন প্রমুখ।