অচিরেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করে দেখাব
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৫৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ক্ষমতাসীনদেরও ছাড় দিচ্ছে না দুদক। অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযান দেখা যায়নি। বর্তমানে আমরা কয়েকজন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান করছি। কারো বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতা মিললে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। গতকাল রবিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, অপেক্ষা করুন অচিরেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করে দেখাব। দুদকের ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে দশটায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি মত্স্য ভবন, কাকরাইল, পল্টন ও জাতীয় প্রেসক্লাব হয়ে আবার দুদকে এসে শেষ হয়।