সাড়ে ৩ হাজার পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে তথ্যভান্ডার তৈরি
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৫৬
৩ হাজার ৪৯৮টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে তথ্য ভাণ্ডার তৈরি করা হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের নতুন ওয়েবসাইট এবং কারখানা ডাটাবেজ উদ্বোধন করতে গিয়ে এ তথ্য জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। নতুন এ ওয়েবসাইটে (www.dife.gov.bd) পোশাক খাতের তিন হাজার ৪৯৮টি কারখানার তথ্য তুলে ধরা হয়েছে। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা ২৫ লাখের বেশি।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে দেশের সব প্রতিষ্ঠান ও কারখানার তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ওয়েবসাইটের তথ্যে রয়েছে- কারখানার মালিকের নাম, কারখানার ঠিকানা, কতজন শ্রমিক কাজ করে, কারখানাটি পরিদর্শন করা হয়েছে কি না।
প্রতিমন্ত্রী বলেন, ডাটাবেজ উদ্বোধনের মাধ্যমে স্থগিত জিএসপি ফিরে পাওয়ার ১৬টি শর্তের মধ্যে ১৫টি শর্ত পূরণ হবে।
অবশ্য নতুন ওয়েবসাইট পরীক্ষা করে দেখা গেছে, সেখানে কারখানাগুলোতে কেবল নারী ও পুরুষ শ্রমিকসহ মোট শ্রমিক সংখ্যা রয়েছে। আঙ্গুলের ছাপসহ পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার নেই।
এ প্রসঙ্গে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ওয়েবসাইটে দেয়া কারখানার তথ্য সময়ে সময়ে হালনাগাদ (আপডেট) করা হবে। যতবার কারখানা পরিদর্শন করা হবে, ততবার এ সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হবে। একই সঙ্গে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কাছ থেকে পাওয়া অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন তথ্য ওয়েবসাইটে সংযোজন করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি ও পোশাক শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।