মানব পাচারে জড়িতদের ছাড়া হবে না

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, মানবপাচারের সঙ্গে জড়িতদের সরকার কোন ছাড় দেবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তিবিধানে সরকার আন্তরিক। তিনি বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনলে মানবপাচারের ন্যায় অমানবিক অপরাধ সংঘটনে তারা নিরুত্সাহিত হবে। গতকাল রবিবার ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘লিডিং জাজমেন্টস অন হিউম্যান ট্রাফিকিং’ শীর্ষক সঙ্কলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার, আইওএম ঢাকা’র চিফ অফ মিশন শরত্ দাস ও প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিনা বারওয়েল বক্তব্য রাখেন। সঙ্কলনে প্রকাশিত বিভিন্ন রায়ের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন বিচারপতি নাঈমা হায়দার। আইনমন্ত্রী বলেন, মানবপাচার সংক্রান্ত বিভিন্ন মামলায় আদালত যেসব রায় দিয়েছে তা সকলের জন্য দিক-নির্দেশনামূলক। এ সব রায়ে মানবপাচারে জড়িতদের যেমন শাস্তি আরোপ করা হয়েছে, তেমনি মানবপাচার প্রতিরোধ ও অপরাধের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে নানা দিক-নির্দেশনা আছে। এ সব দিক-নির্দেশনা মেনে চললে মানবপাচার প্রতিরোধ সম্ভব। মানবপাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলে জানান আইনমন্ত্রী।