বিশাল মানববন্ধনে এক ঘন্টা থমকে গেল মেহেরপুর

স্থলবন্দর স্থাপনের দাবিতে এক ঘন্টা থমকে গেল মেহেরপুর। গত শনিবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। সকলের মুখে একটাই দাবি, পিছিয়ে পড়া মেহেরপুরবাসীর জীবনমান উন্নয়নে স্থলবন্দর স্থাপন করতেই হবে। ঘড়ির কাটা যখন ঠিক বিকাল চারটা তখন সব কাজ ফেলে শহরের প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করেন হাজার হাজার নারী-পুরুষ। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দোকানের সামনেই দাঁড়িয়ে গেলেন। ব্যানার নিয়ে সংগঠিত হয়ে কিংবা ব্যক্তিগত ভাবেই অনেকেই হাত মেলান মানববন্ধনে। পথচারী, রিকশা-ভ্যান চালক কেউ-ই বাদ পড়েননি। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই এসেছিলেন প্রাণের দাবি বাস্তবয়নে। মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।