সাভারে ব্যান্ড শিল্পী কনকের বাড়িতে ডাকাতি তিন ডাকাত আটক

সাভারে পৃথক দু’টি স্থানে ডাকাতিকালে ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার ভোররাতে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর ও কান্দি ভাকুর্তা সোলার মার্কেটের উত্তরপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। আটকরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার মনা (৩০), মানিক (৩২), মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকার মনির হোসেন (৩০) এবং ঢাকার দোহারের আলাউদ্দিন (৩৫)। পুলিশ জানায়, ভোররাতে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুরে জলের গান ব্যান্ড দলের শিল্পী কনকের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল ডাকাত বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ডাকাত দল অস্ত্রের মুখে কনকসহ সকলকে জিম্মি করে লুটে নেয় নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিত্কারে এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করে। অন্য ডাকাতরা পালিয়ে যায়। এছাড়াও কান্দি ভাকুর্তা সোলার মার্কেটের উত্তর পাড়া লাল মিয়ার বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ১ ডাকাতকে আটক করে।