পার্লামেন্টে নাকি কারাগারে?

চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপর ভরসা করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তাদের মনোনয়ন দিয়েছেন। কিন্তু তাদের কারণে মমতাকে বিপদে পড়তে হতে পারে তা ভাবতেই পারেননি তৃণমূল নেত্রী। বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেব এক বেফাঁস মন্তব্য করে বিপাকে ফেলে দিয়েছেন দলকে। নিজেও আছেন চরম বিপদের মধ্যে। অভিযোগ প্রমাণিত হলে পার্লামেন্টের পরিবর্তে তাকে যেতে হতে পারে তিন বছরের জন্য কারাবাসে। সিনেমার পর্দায় জেল খেটেছেন বহুবার। কিন্তু এবার সত্যি সত্যি আলিঙ্গন করতে হতে পারে কারাজীবনকে। কি অপরাধ করেছেন দেব? একটি পত্রিকায় ধর্ষণের মত স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য পেশ করার অভিযোগের তদন্ত করতে ওই পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঘটনা সত্যি হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। দেব বলেছিলেন, ‘ভোটের উত্তেজনা ধর্ষণের মত। হয় চিত্কার কর নয় উপভোগ কর।’ তার এই বক্তব্য নিয়ে চারদিকে ‘ছি ছি’ রব ওঠে। তবে বিপদ বুঝতে পেরে দেব নিজের বক্তব্যের জন্য টুইটারের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।