কমলগঞ্জে কুরমা সীমান্তে বাংলাদেশি ভারতীয় গ্রামবাসীর সংঘর্ষ

ভারতীয় ধান ক্ষেতে গরু চলে যাওয়ায় জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত এলাকায় গতকাল রবিবার সকালে বাংলাদেশি ও ভারতীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ভারতীয় লোকজন ৪টি গরুসহ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে গতকাল বিকালে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত আনা হয়েছে। ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তে ফেচন কোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের রাজা মিয়াসহ ৩ বাংলাদেশি গতকাল সকাল ১১টার দিকে সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিল। এক পর্যায়ে বাংলাদেশিদের গরু ভারতীয়দের ধান ক্ষেতে ঢুকে যায়। গরু ধান ক্ষেতে চলে যাওয়ায় বাংলাদেশি ও ভারতীয় গ্রামবাসীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ২ বাংলাদেশি পালিয়ে আসলেও রাজা মিয়াকে ধরে ভারতীয় গ্রামবাসীরা নিয়ে গেলে পরে তাকে ফেরত আনা হয়। শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ নং ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল চৌধুরী সাইফউদ্দীন কাওছার বলেন, বিএসএফের সাথে জরুরি পতাকা বৈঠক শেষে তাকে ফেরত আনা হয়েছে।