ডমুরুয়া ইউপি’র উপ-নির্বাচন

সেনবাগে সংঘর্ষে ২০ জন আহত, আটক ৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন গতকাল রবিবার দফায় দফায় সংঘর্ষ ও কেন্দ্র দখলের মাধ্যমে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো একেবারেই নগণ্য। সকাল সাড়ে ৯টা ও দুপুর একটার দিকে উপজেলার মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি জাহাজ মার্কার প্রতীকের সমর্থকরা দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করলে অপর প্রার্থীর (আনারস) সমর্থকরা প্রতিরোধে এগিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। অপরদিকে দুপুর দেড়টার দিকে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল অজ্ঞাত সন্ত্রাসী ৭/৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। ভোটারদের তাড়িয়ে দিয়ে কেন্দ্রটি দখল করে ব্যালটে সিল মারার সময় কর্তব্যরত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা অস্ত্রসহ তিন যুবককে আটক করে। উভয় ঘটনায় এক ঘণ্টা করে ভোট গ্রহণ বন্ধ থাকার পর আবার শুরু হয়। এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি সমপূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।