কেরানীগঞ্জে ৫ কোটি টাকা নিয়ে উধাও মেঘলা উন্নয়ন সংস্থা
কেরানীগঞ্জ(ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:৪২
ঢাকার কেরানীগঞ্জে মেঘলা উন্নয়ন সংস্থা নামে একটি হায় হায় কোম্পানি প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। গতকাল রবিবার সকালে মেঘলা উন্নয়ন সংস্থার ৪টি শাখায় একযোগে তালা দেয়া থাকায় শত শত গ্রাহক ভিড় করে।
কলাতিয়া এলাকার বাসিন্দা মাধবী রানী নামে এক গ্রাহক বলেন, ৯ বছর আগে রকি সরকার নামে এক ব্যক্তি মেঘলা উন্নয়ন সংস্থা নামে একটি কোম্পানি খুলে। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার চামদা গ্রামে। সে কেরানীগঞ্জের কলাতিয়া, রোহিতপুর, আটিবাজার ও কদমতলী এলাকায় ৪ টি শাখা খুলে। তাদের প্রায় ২ হাজার গ্রাহক রয়েছে। বেশী লাভের আশায় আমি ২৫ হাজার টাকা জমা রাখি। আমার মতো কলাতিয়া এলাকার অনেক হিন্দু সম্প্রদায়ের মহিলা-পুরুষ তার কোম্পানিতে টাকা জমা রাখে। দুলাল নামে এক ব্যক্তি বলেন, তার মা মেঘলা উন্নয়ন সংস্থায় ১ লাখ ৬০ হাজার টাকা জমা দিয়েছে। রকির বাবা রবিন সরকার জানায়, তার ছেলে ঢাকায় চাকরি করে বলে সে জানে। তার ছেলে এনজিও খুলেছে কিনা সে বিষয়ে তার জানা নেই। এই ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মুনিরা আকতার বলেন, মেঘলা উন্নয়ন সংস্থা নামে একটি কোম্পানি উধাও হওয়ার কথা শুনেছি। এর আগেও কয়েকটি এনজিও উধাও হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।