আমাদের সমস্যা সমাধান করতে হবে আমাদেরই

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের সমস্যা চিহ্নিত করে আমাদেরকেই তা সমাধান করতে হবে। ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে এ দেশের মানুষ যুগ যুগ ধরে টিকে আছে। তিনি বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগের পর দাতারা আমাদের বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেবার কথা বলেন। কিন্তু শেষ পর্যন্ত তার বেশিরভাগ অর্থই আমরা পাই না। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘কোস্টাল কমিউনিটি রিজিলিয়েন্স’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো: শফিকুর রহমান পাটোয়ারি। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পরিবেশ দূষণের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো উন্নত দেশগুলোকে দায়ী করে। এজন্য তাদের কাছে ক্ষতিপূরণও দাবি করা হয়। উন্নত দেশগুলো বিপুল অংকের ক্ষতিপূরণ দেবার অঙ্গীকারও করে। কিন্তু শেষ পর্যন্ত তারা তা দেয় না। তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলা এবং সিডরের পর আমরা শুনেছি দেশ সাহায্যের ওপর ভাসছে। কিন্তু সে সহায়তার কতটুকু আমরা পেয়েছি? সাতক্ষীরায় এখনো বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। সেখানে এখনো লোনাপানি প্রবেশ করছে। তিনি বলেন, আমাদের দেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তারা যুগ যুগ টিকে আছে। নিজ এলাকার কথা উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, আমি দক্ষিণাঞ্চল থেকে এসেছি। ওই এলাকার লোকজন জানে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। অনেক কিছুর মধ্যেও তারা সুখে বসবাস করছে। তিনি বলেন, আমাদের নদ-নদীগুলো দিয়ে প্রতিবছর দুই ট্রিলিয়ন টন পলি এসে আমাদের জমিকে উর্বর করছে। অনেক গবেষক এটিকে দুই বিলিয়ন টন বলে উল্লেখ করেন। এই পলির জন্য আমরা মহান আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞ। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাদের নানান সমস্যা আছে। এ সমস্যাগুলো আগে চিহ্নিত করে তারপর সমাধানের উদ্যোগ নিতে হবে। পরে তিনি এ আঞ্চলিক সেমিনারের উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারি বলেন, উপকূলীয় এলাকার জনসাধারণের জন্য সরকার বেশকিছু প্রকল্প গ্রহণ করেছে। এর অনেকগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আরো কিছু প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছে। অনুষ্ঠানে ম্যানগ্রোভ ফর দ্য ফিউচার (এমএফএফ) এর সমন্বয়ক ড. স্টিন ক্রিস্টেনসেন বলেন, প্রতিবেশ রক্ষায় বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখছে। এটি ব্যয়সাপেক্ষ হলেও বাংলাদেশ তা থেকে দীর্ঘমেয়াদে লাভবান হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো: ইউনুস আলী। এতে আইইউসিএন-এর আবাসিক প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদও বক্তব্য রাখেন।