৫ জানুয়ারি কি রকম নির্বাচন হয়েছে বলার প্রয়োজন নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ৫ জানুয়ারি কি রকম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বলার প্রয়োজন নেই। অবস্থা দেখে মনে হচ্ছে এ সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। সে কারণে আমিও আগামী ৫ বছর আমার এলাকার জনগণের সেবা করতে চাই। তিনি ওয়াদা করে বলেন, রংপুর সদর আসনের প্রার্থী হিসেবে আমি প্রতিমাসে অন্তত ৩/৪ দিন রংপুরে অবস্থান করে এলাকার উন্নয়নমূলক কাজ করবো। সদর উপজেলায় জাতীয় পার্টি (এ) সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির (এ) বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কিছু দোষত্রুটি থাকায় উপজেলা নির্বাচনে আমরা হেরে গেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অবঃ) খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা সাধারণ সমপাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সমপাদক এডভোকেট সালাহ উদ্দিন কাদেরী।