তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই

পানি প্রত্যাহার করে উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর ভারতীয় চক্রান্ত বন্ধ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল রবিবার তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করে বাসদ। দলটির জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া রোডমার্চটি তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পথে পাগলাপীর, গঞ্জিপুর, চন্দনেরহাট, অবিলের বাজার, বড়ভিটা ও জলঢাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন অমান্য করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহারের ফলে নদীটি শুকিয়ে মরার উপক্রম হয়েছে। বর্তমানে নদীর পানি প্রবাহ কমে ৩শ’ থেকে ৫শ’ কিউসেকে এসে দাঁড়িয়েছে। পানি না থাকায় হাজার হাজার একর জমিতে বোরো ধানের চারা মরে যেতে বসেছে। পানির জন্য কৃষকের মাঝে হাহাকার পড়ে গেছে। বক্তারা আরো বলেন, স্বাধীনতা পরবর্তী ৪২ বছরে শাসক গোষ্ঠী ভারতীয় সাম্রাজ্যবাদের প্রতি নতজানু নীতি ও জনস্বার্থে বিরোধী অবস্থানের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। বক্তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পথে পথে এসব সমাবেশে মানুষের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। জেলা বাসদ সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ ওবায়েদুল্লাহ মুসা, আহসানুল হাবীব সাঈদ, অধ্যাপক তরিকুল আলম, কৃষ্ণ কমল প্রমুখ।