ভারতের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

একটা দল টানা তিন ম্যাচ জিতে আগেই পেয়ে গেছে সেমিফাইনালের টিকেট। অন্য দলটি দুই ম্যাচ হেরে বন্ধ করে ফেলেছে সেমিফাইনালে পৌঁছানোর সব রাস্তা। সব মিলিয়ে টুর্নামেন্টের অবস্থা বিবেচনা করলে ম্যাচটি তাই ছিল ‘অর্থহীন’ এক লড়াই। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল সেই লড়াই অস্ট্রেলিয়ার জন্য হয়ে রইলো আরেকটি ব্যর্থতার ইতিহাস। ভারত জিতলো ৭৩ রানের বিশাল ব্যবধানে। টানা তিন ম্যাচে টসে জিতে প্রতিটিতে শুরুতে বল করা ভারত গতকাল সুযোগ খুঁজছিল ব্যাটিং অনুশীলনের। সেটা বুঝেই কি না অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। আর প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট হারিয়ে শুরুটা ভাল ছিল না ভারতের। দেখতে দেখতে ৬৬ রানের মধ্যেই পড়ে যায় আরও তিনটি উইকেট। এতো কিছুর পরও ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে তুললো ১৫৯ রান। আর এর পিছনে অবদান মূলত যুবরাজ সিংয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ছন্দহীনতার কারণে কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি তাকে। তবে, গতকাল সকল সমালোচনার জবাব দিয়ে ৪৩ বলে করলেন ৬০ রান। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৪ ও বিরাট কোহলি ২৩ রান করেন। জবাবে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। হারে ৭৩ রানে। রবিচন্দ্রন অশ্বিন চারটি ও অমিত মিশ্রা দুটি উইকেট পান।