পাবনায় হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

প্রায় ২০ বছর পর জেলার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের শাহিনুর ইসলাম ডাবলু হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার আসামি তাদের অপর ৩ ভাইকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান গতকাল রবিবার বিকালে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন—ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মোস্তব আলীর ৫ ছেলে মুনছুর আলী, মজিবর রহমান, আজিবর রহমান, রঞ্জু হোসেন ও শাহিন আলী। আদালত সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে জমিতে কাজ করা অবস্থায় ভাড়ইমারী গ্রামের শাহাদত আলীর ছেলে শাহিনুর ইসলাম ডাবলুকে বুকের মধ্যে ভুজালী ঢুকিয়ে হত্যা করে ২ ভাই মুনছুর ও মজিবর। এ সময় অপর আসামিরা তাদের সাহায্য করে।