এশিয়ান টিভিতে আজ থেকে বাংলায় ‘ডোরেমন’

শিশুদের জনপ্রিয় কার্টুন ডোরেমন এই প্রথম বাংলায় এশিয়ান টিভিতে শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। ফুজিকো এফ ফুজিওর সৃষ্টি এই জাপানি অ্যানিমেশন সিরিজটি একটি কানহীন রোবট বিড়াল ডোরেমনকে নিয়ে, যে ২২শ শতাব্দী থেকে বর্তমান সময়ে আসে এক স্কুলবালককে সাহায্য করতে। শিশুতোষ জনপ্রিয় এই কার্টুন সিরিজটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত। পুনঃপ্রচারিত হবে সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট, ১০টা থেকে ১০টা ৩০ মিনিট, ১২টা থেকে ১২টা ৩০ মিনিট এবং ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ডোরেমন এশিয়ান টিভির পাশাপাশি সরাসরি দেখা যাবে ইউটিউবে। ডোরেমন সম্প্রচার প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান প্রখ্যাত গীতিকার ও বিজ্ঞাপন নির্মাতা আহমেদ ইউসুফ সাবের বলেন, ‘আমি মনে করি আমাদের এই উদ্যোগটি দীর্ঘদিনের যে বিতর্ক ছিল, তা শুধরে নেবে। কারণ ডোরেমনের জনপ্রিয়তার কারণে শিশুরা অন্য ভাষার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। এখন বাংলায় তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখবে বলে একই সাথে বিনোদন ও শিশুতোষ মনে বাংলা ভাষার চর্চাটাও তৈরি হবে।’