চামড়া শিল্পনগরীর সিইটিপি নির্মাতা প্রতিষ্ঠানের ডিজাইন অনুমোদন হয়েছে
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১১
সাভারের চামড়া শিল্প (ট্যানারি) নগরীতে অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১২৭ জন ট্যানারি মালিক তাদের বরাদ্দকৃত প্লটের অনুকূলে লেআউট প্ল্যান জমা দিয়েছেন। অন্যদিকে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাতা প্রতিষ্ঠানকে সিইটিপি’র ড্রইং ও ডিজাইনসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিল্পমন্ত্রী দ্রুত চামড়া শিল্পনগরীর নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, শুধু পরিবেশের স্বার্থে নয়, আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের রপ্তানি অব্যাহত রাখতে নির্দিষ্ট সময়ে এ প্রকল্প শেষ করতে হবে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য প্রকল্পগুলোর কাজের গুণগতমান বজায় রেখেই দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
সভায় জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় ৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি টাকা। এর মধ্যে রাজস্বখাতে ৫শ’ ৪০ কোটি টাকা ও প্রকল্প সাহায্যখাতে ১ হাজার ৫৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের বিপরীতে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শতকরা ৫১ ভাগ ব্যয় হয়েছে। গত বছর একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিলো ২৬ শতাংশ। উল্লেখ্য, চলতি অর্থ বছর ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গড় ব্যয়ের পরিমাণ ৩৮ শতাংশ বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।