ফিলিস্তিনের প্রতি নতুন প্রস্তাব ইসরাইলের
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১৩
শান্তি আলোচনার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ফিলিস্তিনিদের প্রতি একটি খসড়া প্রস্তাব দিয়েছে ইসরাইল। ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করতে ব্যর্থ হওয়ার পর রবিবার ঐ উদ্যোগ নিল তেল আবিব। ফিলিস্তিনের সরকারি এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। ঐ কর্মকর্তা বলেছেন, আলোচনা সামনে এগিয়ে নিয়ে যেতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে ইসরাইলের পক্ষ থেকে একটি খসড়া চুক্তি করার প্রস্তাব দেয়া হয়। তবে আব্বাস এ নিয়ে চিন্তাভাবনা বা পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানিয়েছেন।
এদিকে প্রস্তাব সম্পর্কে ইসরাইলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোন কিছু জানানো হয়নি বলে বার্তা সংস্থা এএফপি বরাতে জানা গেছে। গত ২৯ মার্চ ২৬ জন বন্দীকে মুক্তির শর্তেই নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরাইল তাদের দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বন্দীদের ছেড়ে দিতে পারবে না বলে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় তেল আবিব। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে সংকট দেখা দিল। তবে ফিলিস্তিনি কারামন্ত্রী বলেছেন, বল এখন ইসরাইলের কোর্টে। সে দেশের সরকার বুঝবেন তারা এখন কি করবেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের কাছ থেকে কোন উত্তর পাওয়া যাবে বলে আশা করছি আমরা।
আসছে ২৯ এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমা বাড়ানো ও দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা যাতে ভেস্তে না যায় এবং এর মধ্যদিয়ে যাতে সর্বসম্মতিক্রমে একটি রূপরেখায় পৌঁছানো যায় সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।