পশ্চিম সমুদ্রসীমান্তে দুই কোরিয়ার গোলাবিনিময়
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১৩
বিতর্কিত পশ্চিমাঞ্চলীয় সমুদ্রসীমান্ত দিয়ে সাগরে গোলাবিনিময় করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। গতকাল সোমবার ভোরে উত্তর কোরিয়া ঘোষণা করে, সীমান্ত এলাকার সাতটি স্থানে তারা তাজা গোলার মহড়া চালিয়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়া বলেছে, তার জলসীমার ভেতরে উত্তর কোরিয়ার গোলা এসে পড়ার পর তারা পাল্টা জবাব দিয়েছে।
বিতর্কিত ঐ এলাকাটি দুই কোরিয়ার মধ্যে একটি সীমানা হিসেবে আছে। কোরীয় যুদ্ধের পর জাতিসংঘ এই পশ্চিমাঞ্চলীয় সীমান্তটি ঠিক করে দিয়েছিল। কিন্তু উত্তর কোরিয়া কখনও এটাকে স্বীকৃতি দেয়নি। ২০১০ সালের শেষের দিকে উত্তর কোরীয় কামানের গুলিতে একটি সীমান্তদ্বীপে চার দক্ষিণ কোরীয় নিহত হয়েছিল। ২০১১ সালের আগষ্ট মাসেও দুই দেশের মধ্যে ঐ সমুদ্রসীমান্তে গুলিবিনিময় হয়।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী গতকাল সোমবার ভোরে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর কাছে পাঠানো একটি ফ্যাক্সবার্তায় তাজা গোলার অনুশীলনের ঘোষণা দিয়েছিল। অপরদিকে যদি উত্তর কোরিয়ার কোনো গোলা সীমান্ত অতিক্রম করে তাহলে তাত্ক্ষণিক জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,‘মহড়ার সময় কিছু (উত্তর কোরীয়) গোলা সীমান্তের দক্ষিণে এসে পড়ে। তাই আমাদের সেনাবাহিনী সাধারণ সৌজন্যবিধি সহকারে সীমান্তের উত্তরে পাল্টা গুলি করেছে।’
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা বলেছে, বিতর্কিত সীমান্ত হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় সীমানারেখার দক্ষিণে কয়েকদফা উত্তর কোরীয় গোলা এসে পড়ে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কয়েকডজন কামানের গোলা নিক্ষেপ করে। সংস্থাটি আরো জানিয়েছে, সীমান্ত এলাকার দ্বীপগুলোর অধিবাসীদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে।