নাইজেরিয়ায় জেল ভেঙ্গে পালাতে গিয়ে নিহত ২১
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১৩
নাইজেরিয়ার গোয়েন্দা পুলিশের সদরদপ্তরের একটি কারাগার থেকে পালাতে গিয়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের দু’জন সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার দেশটির রাজধানী আবুজায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পুলিশ বলেছে, কারাগার থেকে পালানোর উদ্যোগ নেয়া এক বন্দি তার হাতকড়া দিয়ে একরক্ষীকে মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। গোয়েন্দা পুলিশের মুখপাত্র মেরিলিন ওগার বলেছেন, রক্ষীকে মেরে ওই বন্দি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা গুলি ছোঁড়ে। এ সময় দু’জন কারারক্ষীও গুরুতর আহত হন। স্থানীয় গণমাধ্যমের খবরে পুলিশ হেফাজতে থাকা বন্দিদের অধিকাংশ ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সন্দেহভাজন সদস্য। ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের কাছের এই পুলিশ দপ্তরে সেনা মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতরা সবাই কারাবন্দি ছিলেন কিনা তা পরিষ্কার নয়।
ট্যুইটারের এক পোস্টে নাইজেরীয় প্রেসিডেন্টের মুখপাত্র রিউবেন আবাতি ঘটনাটিকে “জেল ভাঙার চেষ্টা” বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রেসিডেন্ট গুডলাক জোনাথন নিরাপদ এবং ভাল আছেন।
২০০৯ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মাইদুগুরিতে বোকো হারাম আত্মপ্রকাশ করে। তারপর থেকে উত্তর নাইজেরিয়ায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাওয়া বিদ্রোহী গোষ্ঠীটির হামলায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।