পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রামপুরার বনশ্রীতে পুলিশের সিআইডি’র এক কর্মকর্তার বাসা থকে আম্বিয়া খাতুন (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিআইডি’র ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের বাসায় কাজ করতেন তিনি। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে আটটার দিকে রামপুরার সি ব্লকের ২ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা থানা পুলিশ আম্বিয়ার লাশ উদ্ধার করে। রামপুরা থানার এসআই মোজাম্মেল হক বলেন, আম্বিয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আম্বিয়ার চাচা রামপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তিনি জানান, রবিবার রাতে তারা আম্বিয়ার মৃত্যু সংবাদ জানতে পারেন। তাকে জানানো হয়েছে, বাসার বাথরুমে ঝরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আম্বিয়া আত্মহত্যা করেছে। আম্বিয়ার গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। এদিকে যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলের মোমেনবাগ এলাকার একটি বাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে অনিল সরকার নামে এক এইসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অনিলের মা জানান, দুপুরের দিকে অনিল কিছু টাকা চায়। টাকা না থাকায় তাকে দেয়া হয়নি। এতে সে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে আত্মহত্যা করে।