দশ টন পলিথিন উদ্ধার চার কারখানা সিলগালা

কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ টন পলিথিন উদ্ধার করেছে। এ সময় ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়, পরিবেশ অধিদপ্তর পলিথিন বিরোধী অভিযানের কার্যক্রমের আওতায় কামরাঙ্গীরচর এলাকায় নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হুজুরের গলিতে ৩টি এবং লালবাগ এলাকায় ১টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি কারখানা হতে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ২ জন কর্মচারীকে আটক করা হয়। সিলগালা করা হয় চারটি কারখানা। অভিযানের খবর পেয়ে মালিকপক্ষ পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীরের নেতৃত্বে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট), ঢাকা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট। উক্ত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন ঢাকা রিজার্ভ পুলিশ ও কামরাঙ্গীরচর থানা পুলিশ। তাদের উপস্থিতিতে কারখানাগুলো সিলগালা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আলমগীর জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে। তবে এজন্য তিনি সবাইকে এর বিরুদ্ধে সচেতন থাকতে এবং পলিথিন ব্যাগ ব্যবহার না করার জন্য আহ্বান জানান।